তবুও থেমে নেই ওদের পথ চলা। করোনা (কোভিট-১৯) সংকটে নিজের চিকিৎসার পুরো অর্থ কর্মহীন অসহায়দের মাঝে বিলিয়ে দিয়েই ক্ষান্ত হননি। কখনও কখনও নিজেদের রান্না করা খাবার আবার কখনও নিজেদের জন্য করা বাজারও বিলিয়েছেন । নাটোরের বাগাতিপাড়ার সেই শিরিন-জিয়া দম্পতি এবার নিজের মহল্লার মানুষদের মাঝে বিতরণ করলেন ইফতার সামগ্রী। আর অসুস্থ শরীরে নিজের হাতে বানানো ব্যাগেই ইফতার সামগ্রী তুলে দেন শিরিন আকতার। অবাক করা বিষয় হলো নিজেদের বাড়ি নির্মাণের জন্য কেনা ইট বিক্রি করে এবার চলছে তাদের সহায়তা কার্যক্রম।
চিকিৎসার জন্য জমানো পুরো এক লাখ টাকা অসহায়দের মাঝে বিলিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন এই দম্পতি। গত ৩ এপ্রিল যুগান্তর অনলাইন সংস্করণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার-প্রকাশ হয় তাদের মানবিক সহায়তার খবর। রেলের পরিত্যক্ত জমিতে বসবাস করা এই দম্পতি অন্যের সাহায্যের মাঝে যেন খুঁজে পেয়েছেন শান্তির দিশা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাগাতিপাড়া পৌর এলাকার ৬০ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পেড়াবাড়িয়া ঈদগাহ মাঠে অনেকটা সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যাগে ভরা এই ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।
জিয়াউর রহমান বলেন, তার স্ত্রীর ইচ্ছায় চিকিৎসার টাকা দিয়ে এই মহামারির সময় প্রথম থেকেই গরীব দুখীর পাশে দাঁড়িয়েছেন। এবার তারই ইচ্ছায় বাড়ি নির্মাণের জন্য কেনা ইট বিক্রি করে মানুষদের সহায়তা দিচ্ছেন।
এ নিয়ে শিরিন আক্তার বলেন, করোনার প্রভাবে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা করতে যেতে পারেননি। তাই স্বামীর সাথে পরামর্শ করে এই ভাইরাসের প্রভাবে যেসকল নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে কষ্টে জীবন যাপন করছে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। যতক্ষণ সামর্থ্য থাকবে ততক্ষণ এ কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান তিনি। এছাড়াও সমাজের সকল ধনী বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আহ্বান জানান শিরিন-জিয়া দম্পতি।
উল্লেখ্য, শিরিন আক্তার দীর্ঘ আট ব্ছর থেকে হার্ট, কিডনী এবং মেরুদন্ডের অসুখে ভুগছেন। ভারতে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য কষ্টে জমিয়েছিলেন এক লাখ টাকা। কিন্তু করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে এর আগে সেই পুরো টাকা বিলিয়ে দিয়েছেন। তারা বাগাতিপাড়া পৌরসভার রেলগেট এলাকায় রেলের পরিত্যক্ত জমিতে বসবাস করেন। পেশায় জিয়াউর রহমান ঠিকাদারীর সহযোগী এবং শিরিন আক্তার আনসার-ভিডিপি'র পৌর ওয়ার্ড লিডার। ব্যক্তিগত জীবনে তাদের দুটি সন্তান। একটি হাফেজিয়া মাদরাসায়, আর বড় ছেলে রাজশাহী পলিটেকনিক্যালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছে।