রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় কাপড়ের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তুলতে গিয়ে পাঁচ সংবাদ কর্মী লাঞ্ছিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনার পর সাংবাদিকরা প্রতিবাদ জানাতে রাস্তার উপর বসে পড়ে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম আলো’র ফটোসাংবাদিক শহিদুল ইসলাম দুখু কাপড়ের দোকান খোলা রাখার ছবি তুলতে গিয়ে প্রথমে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই দোকানীরা। এ ঘটনার পর প্রতিবাদ জানাতে গেলে যুগান্তর’র ফটোসাংবাদিক আজম খান, স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ’র ফটোসাংবাদিক মুকুল হোসেন, সোনার দেশ’র ফটোসাংবাদিক শাহিন আলম ও বাংলার জনপদ’র সাংবাদিক মোস্তাফিজ রকি লাঞ্ছিত হন। পরে এ খবর পেয়ে রাজশাহীর অন্যান্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে আরডিএ মার্কেটের সামনের সড়কে বসে পড়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারি নির্দেশনা মতে আগামী ১০ তারিখের আগে শপিংমল খোলা যাবে না। কিন্তু তার আগেই রাজশাহীর সাহেববাজার এলাকায় বিভিন্ন দোকানপাট খুলেছে। এমন দোকানের ছবি তুলতে গেলে ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা ওই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অন্য ফটোসাংবাদিকরা তাকে রক্ষায় এগিয়ে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যায় এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। এ সময় পুলিশ গিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে সাংবাদিকরা তাৎক্ষনিকভাবে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘দোকানিরা অন্যায় করেছে। ফটোসাংবাদিকদের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগ মতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’