গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় মঙ্গলবার সকালে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে ঢাকাণ্ড টাংগাইল মহা সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। কর্তৃপক্ষের সাথে সমঝোতা হলে বেলা ৯টার পর মহা সড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়।
পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সান-চেরী নামের একটি শিল্প কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সংবাদ পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের বিক্ষোভের কারণ জানতে চাইলে তারা জানায়, এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়েই তাদের ছাঁটাই করা হয়েছে। এরইমধ্যে প্রায় ৪ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। আমাদের শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতন প্রদান করা না হলে আমরা ঘরে ফিরে যাবোনা। পরে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ ও শ্রমিক প্রতিনিধি সমন্নয়ে সমঝোতা বৈঠকে শেষে আগামী ৭ তারিখে বেতন প্রদান ও শ্রমিক চাকুরিচ্যুত না করার আশ্বাস দিলে ১২ টায় অবরোধ তুলে নিয়ে বাসায় চলে যায় শ্রমিকরা।
এছাড়া একই দাবিতে ছাত্তার টেক্সটাইল নামের আরো একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শিল্প পুলিশের এ্যাডিশনাল এসপি সুশান্ত সরকার পিপিএম এ সময় উপস্থিত ছিলেন।