নাটোরের সিংড়ায় অবরুদ্ধ শ্রমিকদের বাড়িতে গভীর রাতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সারা রাত ঘুরে প্রায় দেড়শ অসহায় শ্রমিকদের বাড়িতে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। এসময় এই দুর্যোগে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে অসহায় শ্রমিকদের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন তিনি।
সূত্রে জানা যায়, হঠাৎ সিংড়ায় একসাথে ৫জন করোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে রিক্সা-ভ্যানসহ বিভিন্ন মোটর শ্রমিকদের বাড়িতে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই এসব অসহায় শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিঃস্ব হয়ে গেলেও তার এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।