উইকেটের সামনে-পেছনে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, তার জায়গায় খেলতে গেলে যে কারোরই স্নায়ু চাপে ভোগা স্বাভাবিক। এই অভিজ্ঞতা এরইমধ্যে হয়ে গেছে লোকেশ রাহুলের। ২৮ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান জানালেন, উইকেটের পেছনে দাঁড়ালে দর্শকদের চাপ ভড়কে দেয় তাকে। ভয়ে থাকেন কিপিংয়ের সময়। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির (৮২৯) চেয়ে বেশি ডিসমিসাল আছে কেবল মার্ক বাউচার (৯৯৮) ও অ্যাডাম গিলক্রিস্টের (৯০৫)। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ধোনি জাতীয় দলের বাইরে। তার জায়গায় কয়েকজন কিপার-ব্যাটসম্যানকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ভারত। এদের একজন রাহুল। পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কিপার হিসেবে খেলেছেন রাহুল। সবই চলতি বছরে। উইকেটের পেছনে দাঁড়িয়ে বুঝেছেন ধোনির জায়গায় খেলা কতটা কঠিন। স্টার স্পোর্টসের একটি আয়োজনে বলছিলেন সেই অভিজ্ঞতার কথা। “ভারতের হয়ে কিপিং করার সময় ভয়ে থাকি। কারণ, দর্শকদের চাপ। বল ঠিকঠাক মত ধরতে না পারলে লোকে মনে করে, ধোনির জায়গা এই ছেলে নিতে পারবে না। মানুষের গ্রহণ করে নেওয়ার ব্যাপারটাও যুক্ত বলে উইকেটের পেছনে ধোনির মত একজন কিংবদন্তি উইকেট-কিপারের জায়গা নেওয়া খুব চাপের।” ভারতীয় দলে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কিপিং করেন রাহুল। তাই জাতীয় দলের প্রয়োজনে যেকোনো সময় উইকেটের পেছনে দাঁড়াতে প্রস্তুত তিনি। “যারা ক্রিকেটের খোঁজ-খবর রাখে তারা জানে, আমি খুব বেশি উইকেট-কিপিংয়ের বাইরে থাকি না। আইপিএল ও যখনই কর্নাটকার হয়ে খেলি, আমি এই দায়িত্বে থাকি। সবসময়ই কিপিং করে আসছি।”