রাজশাহীর বাঘা উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে চাল বিতরণের সাথে দুই সপ্তাহ যাবৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেয়া সবজি বিতরণ অব্যাহত রয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বাঘা পৌরসভার ৫০০টি দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারিভাবে ১০ কেজি চালের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নিজস্ব অর্থায়নে মিষ্টি কুমড়া, ডাটা, লাউ, আলু, পুঁইশাক জাতীয় সবজি বিতরণ অব্যাহত রয়েছে। দুই সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র, চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীরা এই সবজি বিতরণ অব্যাহত রেখেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ মোহাম্মদ মারুফ মন্ডল বলেন, করোনাভাইরাসের কারণে বাঘা ও চারঘাট উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করা হচ্ছে। এই দুর্যোগের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেই বিবেচনা থেকে সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব অর্থায়নে দেয়া সবজি বিতরণ কাজ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, বাঘা ও চারঘাট উপজেলা সবজি উৎপাদন এলাকা। এ এলাকায় প্রচুর পরিমানের সবজি উৎপাদন হয়। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সটিকভাবে সবজি বিক্রি করতে পারছেনা চাষিরা। এদিকে দরিদ্ররা ক্রয় করেও খেতে পারছেনা। ন্যায্য দামে এই সবজি ক্রয় করে দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। একদিকে দরিদ্ররা অন্যদিকে চাষিরা উপকৃত হচ্ছে।