ধর্ম মন্ত্রানালয় ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা উপেক্ষা করে তারাবিহ নামাজ পড়ার জন্য বগুড়ার আদমদীঘি উপজেলার মসজিদে মসজিদে দেখা মিলছে মুসল্লীদের উপচে পড়া ভীড়। রোববার উপজেলার একাধিক মসজিদে খবর নিয়ে জানা গেছে প্রায় সকল মসজিদে তারাবিহ নামাজ আদায় করার জন্য শত শত মুসল্লী হাজির হচ্ছেন। তারাবিহ নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ সর্বাধিক ১২ জন মুসল্লীর নামাজ পড়ান নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রানালয় ও ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু কোন মসজিদে এই নিয়ম মানা হচ্ছে না।
রোববার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌর এলাকার প্রায় ১৫টি মসজিদে খবর নিয়ে জানা গেছে প্রায় সকল মসজিদে শতাধিকের বেশি মুসল্লী তারাবিহ নামাজ আদায় করছেন। শহর এলাকায় এর পরিমান কম থাকলেও গ্রাম এলাকায় মুসল্লীর পরিমান অনেক বেশি। সান্তাহার ইউনিয়নের দমদমা, সান্দিড়া গ্রামের প্রতিটি মসজিদেই রোববার রাতে প্রায় শতাধিক মুসল্লী নামাজ আদায় করেছেন। এ বিষয়ে দমদমা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সম্পাদক নাইম হোসেন বলেন, মসজিদে কম সংখ্যক মুসল্লীদের আসার জন্য বলা হয়েছে কিন্তু অধিকাংশ মুসল্লী সরকারি নির্দেশ মানছেনা। সান্দিড়া গ্রামের দীঘির পাড়া জামে মসজিদের আবদুল হাই সিদ্দিক বলেন, তাঁর মসজিদেরও একই অবস্থা। মুসল্লীদের কোন ভাবেই মসজিদে আসা থেকে নিবৃত করা যাচ্ছে না। তিনি বলেন, মসজিদে এ ভাবে মুসল্লীদের আসা অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়ানক হতে পারে। প্রায় সকল মসজিদ কমিটি এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ এ বিষয়ে বলেন, বিষয়টি তিনি জেনেছেন আজ রাতে তিনি বিভিন্ন মসজিদে অভিযান পরিচালনা করবেন।