গাজীপুরের কাপাসিয়ায় সরকারি ব্যবস্থাপনায় ব্যক্তিমালিকানাধীণ বেসরকারী মডিউল কমিউনিটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা শনিবারবার বিকাল থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত এখানে ৯ জন করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিশু সার্জান অধ্যাপক ডাঃ মোঃ রহুল আমিন গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কাছে তা বুঝিয়ে দিলেন। হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সোহেল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরার নিকট হাসপাতালের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদুর রহিম ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শামসুল ইসলাম খান শাওন প্রমুখ।
জানা যায়, সম্প্রতি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, টেকনেশিয়ান ও বিভিন্ন পদে কর্মরত মোট ৩১ জন স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা সীমিত করা হয়েছে। কাপাসিয়ায় ১৯ এপ্রিল পর্যন্ত মোট ৭০ জনের মাঝে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং একজন রোগী মারা যায়। আক্রান্তদের দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ৯ জনকে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং ইন্সটিটিউটে, ১৬ জনকে ছোঁয়া এগ্রো প্রোডাক্টস কারখানায় ও অবশিষ্ট সকলকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এতে করে তাদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সমন্বিত চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছিলনা এবং অনেকেই আইসোলেশনের নিয়ম কানুন ও স্বাস্থ্যবিধি পুরোপুরি মানছিলেন না। তাছাড়া আক্রান্তরা নিজ বাড়িতে অবস্থান করায় পাড়া প্রতিবেশিসহ জনমনে বিরুপ প্রতিক্রিয়া হচ্ছিল। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির দিক নির্দেশনায় কাপাসিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ‘মডিউল কমিউনিটি হাসপাতাল’কে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বেছে নেয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা জানান, কাপাসিয়ার বেসরকারী মডিউল হাসপাতালটিতে এ উপজেলায় করোনায় ্আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। ৬তলা অত্যাধুনিক ভবনে ৫৩টি শয্যার ব্যবস্থা করা যাবে। আজকে করোনায় আক্রান্ত ৯ রোগীকে ভর্তি করা হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য রোগীদের এখানকার আইসোলেশনে রাখা হবে। সার্বিক তত্বাবধানে রয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সার্বিক তদারকি করবেন।
কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান ও নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা'র প্রচেষ্টায় কাপাসিয়ার মানুষের প্রয়োজনে ডাঃ রহুল আমিন করোনা রোগীদের চিকিৎসার জন্য তাঁর হাসপাতালটি দিতে স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ প্রকাশ করেন।
প্রকাশ, কাপাসিয়ার কৃতিসন্তান ডাঃ রহুল আমিন উপজেলার রায়েদ ইউনিয়নের দরগা বাজারের পাশে এলাকার মানুষের চিকিৎসা সেবায় নিজ উদ্যোগে বাড়ি সংলগ্ন এলাকায় মডিউল কমিউনিটি হাসপাতাল নামে একটি অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। নির্মাণ কাজ শেষে এতোদিন হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় ছিলো।