করোনাভাইরাসের প্রভাবে তৈরি হওয়া আর্থিক সঙ্কটের মাঝে অর্থ উপার্জনের নতুন রাস্তা বের করেছে বার্সেলোনা। নিজেদের যুব একাডেমি লা মাসিয়া নিয়ে একটি টেলিভিশন সিরিজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ক্লাবটি। চাভি এরনান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসির পথ ধরে মূল দলের তারকা হওয়ার আশা করছে যারা, লা মেসিয়ায় থাকা এমন তরুণদের নিয়ে কাল্পনিক চিত্রনাট্য লিখছেন আলবের্ত এস্পিনোসা। নিজেদের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা বিস্তারিত জানায় বার্সেলোনা। “লা মেসিয়ার ছেলেদের গল্প বলা কিংবা সেখানকার বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি আবার ফুটিয়ে তোলা এই সিরিজের উদ্দেশ্য নয়। লক্ষ্য হলো বিশ্বাসযোগ্য কল্পিত গল্প রচনার জন্য অনুপ্রেরণা নেওয়া।” তরুণদের উদ্দেশে বানানো এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তরুণ অ্যাথলেটরা। তুলে ধরা হবে তাদের চারপাশে থাকা লোকজন ও মানবিক সম্পর্কগুলো। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রগ্রহণ শুরু হবে বছরের শেষের দিকে। এর প্রযোজনা করবে ক্লাবেরই প্রযোজনা সংস্থা বার্সা স্টুডিওস। গত বছর তারা তৈরি করেছিল ‘ম্যাচডে’ নামে পর্দার পেছনের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ।