মাঠে সবসময়ই অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেট অনুষঙ্গ স্লেজিং। কথার লড়াইকে তারা ক্রিকেট স্কিলের অংশ হিসেবেই নিয়ে থাকে। মাঠে তাদের শরীরী ভাষা আর কথায় থাকে বারুদের ঝাঁজ। তবে সবার ক্ষেত্রে তো একই দাওয়া কাজে লাগে না। শচিন টেন্ডুলকারকে যেমন স্লেজিং করার ক্ষেত্রে খুব সতর্ক ছিল তারা। সেটির কারণ জানালেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই টেন্ডুলকারের গ্রেটনেসের প্রমাণ পেয়ে গিয়েছিলেন লি। ভারতের বিপক্ষে ১৯৯৯ সালের বক্সিং ডে টেস্ট দিয়ে লির অভিষেক। গতির ঝড়ে ভারতীয় ব্যাটিং কাঁপিয়ে দিয়ে অভিষেক ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। তবে পারেননি টেন্ডুলকারের উইকেট নিতে। লির তোপ সামলে তখনকার ভারতীয় অধিনায়ক খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। জাতীয় দলের আসার পরপরই দলের সিনিয়র বোলার গ্লেন ম্যাকগ্রার কাছ থেকে একটি পরামর্শ পেয়েছিলেন লি। তখনই জেনেছিলেন, টেন্ডুলকারকে স্লেজিং করা মানে নিজেদেরই বিপদ ডেকে আনা। “মাঠে মূল অধিনায়কের পাশাপাশি আমাদের একজন বোলিং অধিনায়ক থাকত। আমি যখন দলে এসেছি, তখন সেই দায়িত্ব ছিল গ্লেন ম্যাকগ্রার। পিজি (ম্যাকগ্রার ডাক নাম ‘পিজিওন’) সবসময় বলত, বিশেষ করে নতুন যে বোলার দলে আসত, আমার পরে যেমন এসেছে মিচেল জনসন, সবাই সে বলেছে, ‘শচিনকে খোঁচাতে যেও না। যদি সেই চেষ্টা করো, তাহলে সারাদিনের যন্ত্রণা ডেকে আনা হবে।” “ এটিই ছিল আমাদের বোলিং টিম মিটিংয়ের মূল কথা, শচিনকেও রাগানো যাবে না।” স্লেজিং না করে টেন্ডুলকারের বিপক্ষে বেশ সাফল্য পেয়েছেন লি। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারকে সবচেয়ে বেশিবার আউট করেছেন তিনিই, ১৪ বার। ১৩ বার আউট করে শন পোলক ও মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন ম্যাকগ্রা। টেন্ডুলকারও অবশ্য দারুণ সফল ছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে। নিজের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ানদের বিপক্ষেই, ২০টি।