বগুড়ার সান্তাহারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার ঈদগাহ মাঠে স্থানান্তর করেছেন আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর প্রশাসন। ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সান্তাহার পৌরসভার নেতৃত্বে শহর পুলিশ সদস্যদের সহযোগিতায় বাজারটি স্থানান্তর করা হয়। এ সময় শহর পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারন মানুষদের সামাজিক, শারীরিক দূরত্ব বজায় রেখে নিজের কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। যাতে কোনভাবে সাধারন মানুষ বিপদে না পরে এজন্য আদমদীঘি উপজেলা ও পৌর প্রশাসন থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
সান্তাহার নাগরিক কমিটির অন্যতম নেতা রবিউল ইসলাম রবিন বলেন সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার ঈদগাহ মাঠে স্থানান্তর করায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর মেয়র কে ধন্যবাদ জানাই। সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, করোনা ভাইরাস মোকাবেলায় কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এক.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিন রাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবেন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না।