‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে না খেয়ে থাকতে দেবেন না। যে কারণে তিনি প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। যতদিন দুর্যোগ থাকবে তিনিও খাদ্যসহায়তা দিয়ে যাবেন।’ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রাজশাহীর পবা উপজেলার সাড়ে তিনশ পরিবারের মাঝে খাদ্যসহায়তাকালে এ কথা বলেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্তৃক শুক্রবার (২৪ এপ্রিল) সকালে খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, দুর্যোগকালীন এই মুহূর্তে রেড ক্রিসেন্ট সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। রেড ক্রিসেন্টের যুবরা অক্লান্ত পরিশ্রমও করছেন। দুর্যোগকালীন মুহূর্তে সংকটে থাকা প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলোকে খাদ্যসহায়তা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে রেড ক্রিসেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্টের জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী এমন দুর্যোগ আর দেখেনি। এত লোক একসঙ্গে মারাও যায়নি। এই দুর্যোগ আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে। এজন্য সরকারের তরফ থেকে যেসব নির্দেশনা দেয়া হচ্ছে তা মানতে হবে।
জানা গেছে, শুক্রবার সকালে প্রথমে পবার বায়া উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক নারী-পুরুষের হাতে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি এবং আধা কেজি সুজি তুলে দেয়া হয়। এরপর একই উপজেলার বাগধানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও একইভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওয়াজেদ আলী খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত।
এছাড়াও অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামাউন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্টের সিটি ও জেলা ইউনিটের ইউনিট কর্মকর্তা বাকী বিল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট।