নওগাঁর পোরশায় বুধ ও বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের ৪শত পরিবারে নগদ ৫শত টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা হেকস/ইপার এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করে।
বুধবার সকাল ১০টায় বালিয়াচান্দা স্কুল মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় তিনি বালিয়াচান্দা গ্রামের ১৯জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর হাতে নগদ ৫শত টাকা করে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইয়ামিন হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ, মাঠ কর্মকর্তা পরেশ পাহান, জগেন পাহান ও জিল্লুর রহমান। অন্যদিকে বৃহস্পতিবার ছাওড় ইউনিয়নের ১৩৫ জন ও তেঁতুলিয়া ইউনিয়নের ১শত জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন ছাওড় ইউপি চেয়ারম্যান ফকরুদ্দিন আলী আহমেদ ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম তাজুল শাহ।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতরা কর্মহীন হয়ে পড়ায় তাদের পারিবারিক খাদ্য নিরাপত্তার লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান বিএসডিও’র নির্বাহী পরিচালক আবদুর রউফ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত পরিবারকে গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।