আগের দিনই পাকিস্তানের নেদারল্যান্ডস সফরের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও হয়ে গেল। করোনাভাইরাস মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ। নেদারল্যান্ডস সরকার মঙ্গলবার দেশটিতে সব ধরনের পেশাদার খেলা ও সাংস্কৃতিক আয়োজন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ডাচ ক্রিকেট বোর্ডের পরামর্শে সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ঠিক করা হবে সফরের নতুন সূচি। ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সফরের আগে আগামী জুলাইয়ে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। ৪, ৭ ও ৯ জুলাই হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে। আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি আয়োজন করার কথা ছিল নেদারল্যান্ডসের। সেটিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে স্বাগতিক নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের চার জাঁতি টুর্নামেন্টও। দেশটি এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে না, জানিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্টই বন্ধ রয়েছে। স্থগিত হয়ে গেছে ক্রিকেটের একাধিক সিরিজ ও টুর্নামেন্ট।