রাজশাহীর বাঘায় করোনা ভাইরাস সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনায় সরকার, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।
এই মহামারি দুর্যোগ কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই সকলে সম্মিলিতভাবে এই সংকট সমাধানের জন্য কাজ করতে হবে। করোনাকে পুঁজি করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে চেয়ারম্যানদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রোজ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, গড়গড়ি ইউনিয়ণ চেয়ারম্যান রবিউল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ণ চেয়ারম্যান মেরাজুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম।
করোনা সংকটে সরকারের পাশাপাশি, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি নিজ উদ্দ্যেগে খাদ্যসামগ্রীর পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে। কোন ব্যক্তি যেন করোনা সংকটে না খেয়ে থাকে সে দিকে নজর রাখার আহবান জানান ইউএনও। করোনা সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলা এবং নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।