পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এমন কথা বলে স্পেনে খেলোয়াড়দের অনুশীলন চালুর অনুমতি আদায় করে নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা। এমন সিদ্ধান্তের একদিন পরই জানা গেলো, এতে মোটেও খুশি নন স্পেনের শীর্ষস্থানীয় ক্লাবের খেলোয়াড়রা। বরং তারা উদ্বিগ্ন এ বিষয়ে- এখনও হুমকি হয়ে আছে করোনাভাইরাস! তাদের এমন দুশ্চিন্তার খবরটি জানিয়েছে, স্প্যানিশ ফুটবলারদের সংগঠন এএফই। লা লিগা ও দ্বিতীয় বিভাগের ৪২টি ক্লাবের অধিনায়ক ভিডিও কনফারেন্স করেছেন মঙ্গলবার। তাদের সঙ্গে যুক্ত ছিল এএফই-ও। অনুশীলনে ফেরার বিষয় নিয়েই আলোচনা করেছেন তারা। এএফইর এক মুখপাত্র জানিয়েছেন, ‘যে পরিস্থিতির মুখে সমাজ রয়েছে, তাতে নিজেদের উদ্বিগ্নের কথা জানিয়েছেন খেলোয়াড়রা।’ তিনি আরও জানিয়েছেন, অধিনায়করা এখনই রুদ্ধদ্বার অনুশীলনের বিরোধী। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিজেদের অবস্থানের কথা জানাবে। এই মুহূর্তে নিজেদের আর্থিক ক্ষতি নিয়ে ভাবছে লা লিগা। মৌসুম শেষ করতে না পারলে তাদের ক্ষতি হবে ১ বিলিয়ন ইউরোর মতো। তাই যে করেই হোক লা লিগা মৌসুম শেষ করার পক্ষে। তাই স্বাস্থ্য সুরক্ষা আর প্রোটোকল মেনে রুদ্ধদ্বার অবস্থায় খেলোয়াড়দের অনুশীলন চালুর সিদ্ধান্তে একমত হয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু এমন ঘোষণার পর পর নিজের বিরুদ্ধ অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা তারকা সের্হিয়ো বুসকেৎজ।