বাউন্সার! টেস্টে তা যে কোনো ব্যাটসম্যানের জন্যই সমস্যা। ছাড়তে হবে, নয় তো খেলতে হবে। আধা-আধি বলে কিছু নেই। ঠিকঠাক ‘ডাক’ করতে না পারলে আঘাত লাগা অস্বাভাবিক কিছু না। ঠিকঠাক টাইমিং না হলে ক্যাচ ওঠার সম্ভাবনা বেশি। আর তাই ভালো বাউন্সারে কখনোই স্বস্তিতে থাকেন না ব্যাটসম্যানরা। বাউন্সার ভালো খেলতে না পারলে তো কথাই নেই। অস্বস্তি ডালপালা মেলে তা রুপান্তরিত হয়ে ভীতিতে। অযথাই ভুল-ভাল শট খেলে ফেলেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ শামি ঠিক এমনটাই মনে করেন। গত বছর নভেম্বরে ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে টানা বাউন্সারে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পেয়েছে বলেই মনে করেন ভারতের এ পেসার। ভারতের ব্যাটসম্যান মনোজ তিওয়ারির সঙ্গে ইনস্টাগ্রামে সরাসরি আলাপে এই মন্তব্য করেন শামি, ‘বোলিংয়ে ফেরার পর শর্ট বল মারার সিদ্ধান্ত নেই। খেয়াল করে দেখেছি কেউ টানা শর্ট বল করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পায়। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যা বলার তা বলতেই হবে।’ ইডেনে সেই গোলাপি টেস্টে ভারতীয় পেসারদের বাউন্সার ঝড়ের মুখে পড়েছিল মুমিনুল হকের বাংলাদেশ। প্রথম দিন শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিম পর্যন্ত ভড়কে গেছেন উমেশ যাদবের বাউন্সারে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ১৯ উইকেট নিয়েছিল ভারতের পেসাররা। দেখা যাক, শামির এই বার্তা মুমিনুলদের কানে পৌঁছে কি না!