কিশোরগঞ্জে করোনা ভাইরাসের পরীক্ষার ল্যাব হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর প্রচেষ্টায় কিশোরগঞ্জে করোনা ভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) কিশোরগঞ্জ সদরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে। এর ফলে কিশোরগঞ্জের কাউকে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য অপেক্ষা করতে হবে না। দিনের পরীক্ষার রিপোর্ট দিনেই পাওয়া যাবে। বুধবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুৃজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় এখানে ল্যাব প্রয়োজন। বিষয়টি অনুধাবন করে মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রপতির প্রচেষ্টায় শীঘ্রই এখানে একটি ল্যাব স্থাপন করা হবে বলেও জানিয়েছেন কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাড. শাহ আজিজুল হক। মঙ্গলবার সাংবাদিক আমিন সাদীর ফেসবুকে ল্যাব স্থাপনের দাবী জানিয়ে পোস্ট করা হলে কমেন্টে অ্যাড. শাহ আজিজুল হক লিখেন, ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি কোভিড-১৯ পরীক্ষার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব. প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্থ্য করেছেন। আশা করি সহসাই ল্যাব স্থাপন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত গণদাবী কাজটিকে ত্বরান্বিত করবে। এ জন্য স্ট্যাটাস ও কমেন্ট করে যারা সমর্থন ব্যক্ত করেছেন। আপনাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। এছাড়াও কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজ ল্যাব স্থাপনের জোর দাবি জানিয়ে আসছিলেন।
কিশোরগঞ্জ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুৃজিবুর রহমান জানান, অচিরেই কিশোরগঞ্জে করোনার পরীক্ষা শুরু হবে। ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।