বগুড়ার আদমদীঘিতে খাদ্য বান্ধব কর্মসুচীর সরকারি ২১ বস্তা চাল গত মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চেরাকারবারীর উদ্দেশ্যে সরকারী চাল মজুদ রাখার অপরাধে বুধবার ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘির কুন্দগ্রামের চকপাড়ার সায়েদের ছেলে রেজাউল করিম (৪০), সাজ্জাদ হোসেন (৩২), মহির উদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), ও আঙ্গুর হোসেনের ছেলে শামসুল আলম (২৮)সহ অজ্ঞাত ৩ জন নামের চাল ব্যবসায়ীরা খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল বেশি টাকায় বিক্রয়ের উদ্দ্যেশে মজুদ রাখে। গত মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল করিমের বাড়ী থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১ বস্তা চাল উদ্ধার করেন। পুলিশের অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। সরকারি চাল উদ্ধার করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় বুধবার এস আই রবিউল করিম বাদী হয়ে ৪জনের নামসহ ৩ জন অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ ওসি জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।