রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতিতে ত্রাণের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসুচীর ইন্ধনের অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের নামে বিশেষ নিরাপত্তা আইনে মামলার পর রংপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফিরোজ মিয়া পীরগাছা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং সিরাজুল ইসলাম পাটোয়ারী বাংলাদেশ কংগ্রেস পাটির রংপুর জেলা শাখার সদস্য সচিব ও আইনজীবি সহকারি। তাদের দু’জনের বাড়ি পীরগাছা উপজেলার বড় পানসিয়া গ্রামে।
জানা গেছে, গত সোমবার সকাল ১১ টায় ত্রাণের দাবিতে উপজেলা পরিষদ চত্ত্বরে কয়েক শতাধিক মানুষ মানববন্ধন করেন। এ মানববন্ধনে গ্রেফতাকৃত দুজন নানা ভাবে ইন্ধন দিয়ে সাধারন মানুষকে সহযোগিতা করেন। পরে পুলিশ গোপন সুত্রে জানতে পেরে ওই দিন দুপুরে ইউপি সদস্য ফিরোজ মিয়া এবং রাতে আইনজীবি সহকারী সিরাজুল ইসলাম পাটোয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে পীরগাছা থানার এসআই জিয়া বাদি হয়ে বিশেষ নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত দুজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।