বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লার বাসিন্দা মিলন হোসেন (২৮) নামের এক সিএনজি চালক করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসার পর আদমদীঘি উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান তাকে ও তার স্ত্রী কে দুপুরে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশনে পাঠিয়েছে। আক্রান্ত সিএনজি চালক সান্তাহার পৌর শহরের ৮ নং ওয়ার্ডের সাহেবপাড়া মহল্লার মোখলেছার রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিলন হোসেন নারায়নগঞ্জে সিএনজি চালাত। গত ১৪ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়িতে আসে। ১৫ এপ্রিল স্থানীয় কাউন্সিলর জার্জিস আলম রতন জানতে পেরে প্রশাসনের সহায়তা নিয়ে তার বাড়ি লকডাউন করে এবং তাকে হোম কোয়ারেন্টে রাখে। ১৮ এপ্রিল উপজেলা মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবেরটরিতে পাঠায়। মঙ্গলবার সিএনজি চালক মিলনের রিপোর্ট পজেটিভ আসার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল্লাহ দেওয়ান নিশ্চিত করে জানান, আক্রান্ত মিলন ও তার স্ত্রীকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়েছে। এর আগে এই উপজেলা নসরতপুর ইউনিয়নের শাঁওইল কাঞ্চনপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে পুলিশ সদস্য আহসান হাবীব (২৯) এর করোনা পজেটিভ পাওয়া যায়। সে ঢাকায় মেট্টোপলেটন পুলিশ সদস্য হিসাবে কর্মরত ছিল। এ নিয়ে এই আদমদীঘি উপজেলায় দুই জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এক.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, আদমদীঘি উপজেলায় দুই জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ ছাড়া তিনি প্রত্যেক কে এই লকডাউন আইন মেনে চলার আহবান জানান।