বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি যে শহরে, সেই উহানের ফুটবল দল উহান জাল ১০৪ দিন পর ঘরে ফিরেছে। চাইনিজ সুপার লিগের দলটি শনিবার নিজেদের শহরে ফিরলে কোচ, খেলোয়াড়দের ঘিরে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। গত জানুয়ারিতে উহানে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে, তখন অনুশীলন ক্যাম্পের জন্য স্পেনে ছিল দলটি। এরপর প্রাণঘাতী রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হতে থাকে। ফলে দলটি দেশে ফেরার লক্ষ্যে রওনা দিলেও পড়তে হয় অনেক সমস্যায়। এরপর জার্মানিতে দীর্ঘ ট্রানজিট জটিলতা কাটিয়ে ১৬ মার্চ চীনের শেনজেন শহরে পৌঁছায় তারা। সেখানে তিন সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলেন দলের সবাই। অবশেষে ট্রেনে করে শনিবার সন্ধ্যায় তারা উহানে ফেরে। গান গেয়ে, ফুল দিয়ে তাদের স্বাগত জানায় কমলা রঙের পোশাক পরে আসা সমর্থকরা। অনুশীলন শুরু করার আগে খেলোয়াড়রা আপাতত তাদের পরিবারের সঙ্গে থাকবেন। চাইনিজ সুপার লিগের নতুন মৌসুম ২২ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে।