করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠের খেলা বন্ধ। তবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে বাজিকররা। এদের থেকে ক্রিকেটারদের সাবধান থাকার কথা মনে করিয়ে দিয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। কোভিড-১৯ রোগ পৃথিবীর প্রায় সব জায়গার ক্রীড়াঙ্গন অচল করে রেখেছে। কোথাও খেলা নেই, ঘরে অলস সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ঘরবন্দি থাকতে থাকতে বিরক্তি ধরে যেতে পারে। আইসিসির শঙ্কা এই সুযোগ নিতে পারে বাজিকররা। ইংল্যান্ডের দা গার্ডিয়ানকে মার্শাল জানান, ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ভবিষ্যতের পথ সহজ করার চেষ্টা করছে বাজিকররা। “কোভিড-১৯ রোগ বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে, কিন্তু বাজিকররা এখনও সক্রিয় আছে।” “যে কারণে, ক্রিকেটার, ক্রিকেটারদের সংগঠন ও এজেন্টদের সঙ্গে আমাদের কাজ চলমান। আমরা দেখছি, যখন ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকছে, তাদের সঙ্গে যুক্ত হতে এবং সম্পর্ক গড়ে তুলতে চেনা বাজিকররা এই সময়টা ব্যবহার করছে। যেন তারা পরবর্তীতে এটা কাজে লাগাতে পারে।” মার্শাল জানিয়েছেন, থেমে নেই তাদের কার্যক্রমও। কঠিন এই সময়ে ক্রিকেটারদের সতর্ক করে যাচ্ছে আইসিসির দুর্নীতিবিরোধী শাখা। “এই সমস্যাটি তুলে ধরার জন্য আমরা আমাদের সদস্য, ক্রিকেটার ও তাদের বৃহত্তর নেটওয়ার্কগুলির কাছে পৌঁছেছি এবং নিশ্চিত করতে চেয়েছি তারা সবাই এই ভয়ঙ্কর কাজ সম্পর্কে সচেতন অবস্থায় আছে এবং এখন যেহেতু কোনো ক্রিকেট খেলা হচ্ছে না তারা নিজেদের সতর্ক রাখছে।”