রংপুর সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে ১২শ' ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। করোনা মহামারী প্রতিরোধে সরকারি উদ্যোগে নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়।
সোমবার (২০ এপ্রিল) নগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের দুই ও তিন নম্বর ইস্পাহানি ক্যাম্প, এনআরসি ক্যাম্প, ঢাকাইয়াপট্টি, হক কমিউনিটি সেন্টার ও রবার্টসনগঞ্জ এলাকাতে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ সহায়তা সুবিধাপ্রাপ্তদের মধ্যে কর্মহীন অসহায় দিনমজুর, শ্রমিক, দুস্থ ও নিম্মআয়ের মানুষজন রয়েছে। এছাড়াও ছিন্নমূল ও ভাসমান পরিবারদের সরকারি এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ১০ কেজির একটি করে চালের প্যাকেট দেয়া হয়। ১২শ' ৮০টি পরিবারের মধ্যে ২৬নং ওয়ার্ডে ৬৫০ জন এবং ২৭নং ওয়ার্ডে ৬৩০ এই সহায়তা পেয়েছেন।
এসময় রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান,করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রথম ধাপে রংপুর সিটি করপোরেশন এলাকাতে সাড়ে ১৬ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগে তার নিজস্ব তহবিল থেকে আরও চার হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। বর্তমানে দ্বিতীয় ধাপে নতুন সরকারি বরাদ্দ পাওয়া চাল বিতরণ করা হচ্ছে।