পাবনার চাটমোহরে করোনা সংক্রমণের বড় ঝুঁকি এখন ব্যাংক ও হাট-বাজার। নিত্যপণ্য বেচাকেনার জন্য কাঁচাবাজার খোলা রাখা হলেও সেখানে সামাজিক দুরত্ব একদমই মানা হচ্ছে না। করোনাভাইরাস আক্রান্ত চাটমোহর উপজেলার বাজারগুলোতে লোক সমাগম কমছে না। সাপ্তাহিক হাটগুলোতেও একই অবস্থা। ব্যাংকগুলোতে গ্রাহক ছাড়াও ভাতাভোগিদের প্রচন্ড ভিড়। বিশেষ করে সোনালী ব্যাংকে। অথচ সংক্রমণ প্রতিরোধে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। গত এক সপ্তােহে চাটমোহর পুরাতন বাজার,নতুন বাজার,মির্জাপুর হাট,রেলবাজার হাট,মহো হাটসহ কয়েকটি বাজার পরিদর্শন করে দেখা গেছে,সেখানে শত শত লোক। কোথায় আবার রাতেই হাট বসানো হচ্ছে। সোমবার সোনালী ব্যাংক লিঃ চাটমোহর শাখায় ভাতাভোগি নারী-পুরুষের যেন মেলা বসেছিলো।
কোভিড ১৯ এর বিস্তার রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য হাট-বাজারগুলো খোলা স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ১২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ দেশের সব জেলা প্রশাসক,জেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যান,পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ নির্দেশনা জানিয়ে চিঠি দেয়। এ নির্দেশনার পর চাটমোহরের ২/৪টি হাট-বাজার খোলা স্থানে সরানো হলেও গুরুত্বপূর্ণ চাটমোহর পুরাতন বাজার যথাস্থানে বহাল তবিয়তে রয়েছে। প্রশাসন এখ নপর্যন্ত জনবহুল বাজারটি স্থানান্তর করতে ব্যর্থ হয়েছে। কী কারণে তা স্থানান্তর হচ্ছে না,তা জানা যায়নি। প্রতিদিন এই বাজারে শত শত মানুষ ভিড় করছে। সামাজিক দুরত্বের কোন বালাই নেই এখানে। ফলে করোনা সংক্রমণের বড় ঝুঁকি এখন চাটমেহর পুরাতন বাজারসহ অন্যান্য হাটগুলো।