করোনায় অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বের নামি-দামি তারকারা। সেই তালিকায় যোগ হলেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নিজ এলাকা ও আশপাশের এলাকার দুস্থ পরিবারগুলোর মাঝে হাজার টন খাদ্য ও তাজা মাংস বিতরণ করেছেন এই লিভারপুল ফরোয়ার্ড। কোভিড-১৯ মোকাবিলায় ভূমিকা রাখছে মোহাম্মদ সালাহ ফাউন্ডেশন। এর আগে হাসপাতালে ১০ লাখেরও বেশি ইউরো অনুদান দেন লিভারপুলের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ফরোয়ার্ড। মোহাম্মদ সালাহর পিতা সালাহ ঘালি সংবাদমাধ্যম আল-মিশরি আল ইয়াওমকে বলেন, ‘আমার ছেলে গ্রামবাসিদের সুস্থ ও নিরাপদ দেখতে বদ্ধপরিকর। গ্রামবাসীদের গণজামায়েত এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে সে।’ তিনি আরো জানান, পুরো গ্রামে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করা হয়েছে। এসব খাদ্যদ্রব্য সালাহর হোমটাউন নাগরিগের কয়েকটি গ্রামে বণ্টন করা হয়েছে। মিশরের রাজধানী কায়রো থেকে ১২৯ কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চল নাগরিগ। সেখান থেকে উঠে এসেই আজকের বিশ্ব তারকায় পরিণত হয়েছেন সালাহ। তার গ্রামের উন্নয়নে ইতোমধ্যে অনেক অর্থ সহায়তা দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন স্কুল ও হাসপাতাল। গ্রামের কেউ অসুস্থ হলে বা বিয়ে করলে সালাহ তার বাবার মাধ্যমে অর্থ সহায়তা করে থাকেন। গত বছর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মিশরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট মেরামতের জন্য আড়াই কোটি পাউন্ড দান করেন তিনি।