বগুড়ার শেরপুরে ১৮ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার খামারকান্দি বাজার, আমতলী, ঘৌড়দৌড় বাজার, শুভগাছা বাজার, শালফা, শুবলী, রণবীরবালা এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৬ জনকে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েকজন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেন।
অপরদিকে, সরকারি বিধিনিষেধ অমান্য করায় সকাল ৯ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা, কেল্লাপোষি বাজার, টুনি পাড়া, বাগড়া বাজার, বাগড়া স্ট্যান্ড, দুবলাগাড়ী, হাসপাতাল রোড, বনমরিচা, মহিপুর কলোনী, ধুনট মোড়ে ৭ জনকে ৮ হাজার ২০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।