নতুন করে বরিশাল শেবাচিম হাসপাতালে কর্মরত তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রমতে, চিহ্নিতদের মধ্যে একজন শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ ইউনিটের মেডিকেল কর্মকর্তা ও অপর দুইজন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। ইন্টার্ন দুইজন গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়া মেডিক্যাল কলেজের এক ছাত্রের রুমমেট ছিলেন। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল আক্রান্ত হওয়া মেডিক্যাল কলেজের ছাত্র লকডাউন উপেক্ষা করে কুমিল্লা থেকে বরিশালে এসে কলেজের দুই নম্বর ছাত্রাবাসে ওঠেন। সেখানে দুইদিন অবস্থানের পরে তার কোভিট-১৯ পরীক্ষা করানো হলে সেখানে রিপোর্ট পজেটিভ আসে। একারনে তার রুমমেট ও দুই ইন্টার্ন চিকিৎসকসহ ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবাচিমের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদেরমধ্যে তিনজনের শরীরেই করোনা সংক্রমণ ধরা পরেছে। এদের তিনজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। অপরদিকে শুক্রবার করোনায় আক্রান্ত হওয়া ছাত্রকে শনিবার ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ছাড়া কলেজের দুই নম্বর হোস্টেলে থাকা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই তিনজনসহ বরিশাল জেলায় পাঁচজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। তাদের সংস্পর্শে আসা চিকিৎসকসহ অন্যান্যের পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
এনিয়ে বরিশালে ২০জন করোনায় আক্রান্ত হলো। এরমধ্যে মুলাদীতে একজন মারা গেছেন। পূর্বে আক্রান্তদের মধ্যে গৌরনদীতে বসবাসরত ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত দুইজন চিকিৎসক, বাবুগঞ্জে একজন নার্স ও শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজের একজন ছাত্র রয়েছেন।