ফাফ দু প্লেসি নেতৃত্ব ছাড়ার পর নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সম্ভাবনায় এগিয়ে ছিলেন সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক কুইন্টন ডি কক। তবে সিএসএ’র ক্রিকেট পরিচালকের দায়িত্ব পাকাপাকিভাবে পাওয়ার পর গ্রায়েম স্মিথ জানালেন, কিপার-ব্যাটসম্যান ডি কককে টেস্টের নেতৃত্বের জন্য ভাবছেন না তিনি। গত জানুয়ারি থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ডি কক। খেলোয়াড়ি জীবনে দেশকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া স্মিথের আছে একশ টেস্টে (১০৯) নেতৃত্ব দেওয়ার অনন্য কীর্তি। সবচেয়ে বেশি টেস্ট জয়ে (৫৩) নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ডও তার। ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ১৫০ ম্যাচে, যা দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কের সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন ২৭ ম্যাচে। দেশটির ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক স্মিথ জানেন, একই সঙ্গে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া খুব কঠিন। তাই এমন চ্যালেঞ্জের মুখে ডি কককে ঠেলে দিতে নারাজ তিনি। “আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি যে, কুইন্টন (ডি কক) আমাদের সাদা-বলের অধিনায়ক থাকবে এবং সামনে সে টেস্ট অধিনায়ক হবে না। আমরা চাই, সে চাপমুক্ত থাকুক এবং ভালো খেলে যাকৃবিভিন্ন দেশ চেষ্টা করে দেখছে যে কোনটা তাদের জন্য সবচেয়ে ভালো। আমি মনে করি, তিন সংস্করণে এক অধিনায়ক রাখলে সম্ভবত সুফল আসে না।”