করোনাভাইরাস সচেতনতায় সরকারী নির্দেশনায় লকডাউনের মধ্যেও মানুষের চলাচল বন্ধ নেই।
আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও মানুষ প্রয়োজন ছাড়াও বাজারে ঘোরাফেরা করছেন। সবচেয়ে মানুষের ভিড় বেশি হচ্ছে হাট-বাজার গুলোতে। সকাল বেলা থেকে দুপুরের পর পর্যন্ত ভিড় বেশি হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন, স্কুল ও খেলার মাঠে বসানো হয়েছে কাঁচা বাজার সহ নিত্য পণ্যের দোকান। সামাজিক দুরত্ব কঠোরভাবে বজার রেখে গতকাল এসব অস্থায়ী দোকানে কেনাকাটা করতে দেখা গেছে।
সরকারী নির্দেশনায় লকডাউনের অনেকটা বিপরীত চিত্র ছিলো গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট-বাজার গুলোতে। পল্লী এলাকার গ্রাম্য বাজার গুলোর অবস্থা আরও খারাপ। অতি গোপনে চায়ের স্টলও খোলা রয়েছে এসব জায়গায়। অনেকে কেনা কাটা না করলেও অলস বসে কিংবা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। উপজেলার বোনারপাড়া, সাঘাটা, ভরতখালী, নয়াবন্দর, জুমারবাড়ি, বারকোনা দুর্গাপুর গ্রামের মাল্লাপাড়া-কালিতলা বাজার, বটতলা, ভুতমারা, মিয়ার বাজার, নয়াবন্দর, হলদিয়া ইউনিয়নের বিভিন্ন ছোট বাজার সহ চর এলাকার বাজার গুলোতে সামাজিক দুরত্ব মেনে চলছেন না লোকজন। ইউনিয়ন পর্যায়েও পুলিশের সচেতনতা মুলক মাইকিং সহ নানা প্রচারনা চালানো হলেও মানুষজন সামান্ন কাজেই অযথা বাজার গুলোতে ভীড় করছেন। এ অবস্থায় সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, খেলার মাঠ, বোনারপাড়া রেলওয়ে স্টেশন ও ভরতখালি গো-হাটে এই নতুন বাজার বসানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, অধিক ভীড় কমিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য ৩টি স্থানে নতুন করে বাজার বসানো হয়েছে। অন্যান্য হাট কমিটিকেও চিঠি দেওয়া হয়েছে।