জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ২৫৬ বস্তা সরকারি কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (কাবিখার) চালসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে আটককৃতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তরপাড় বাজারের একেএম ইউসুফ আলীর গোডাউনে শুক্রবার বেলা এগারোটার দিকে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য স্তুপ করে রাখা ২৫৬ বস্তা কাবিখার সরকারি চাল উদ্ধারসহ ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যম অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেয়া হয়েছে।