শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, গত ১৫ এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ৪০ বছর বয়সের ওই নারী রোগী হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। পরে তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ১৬ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে ওই নারীর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সূত্রমতে, বর্তমানে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।