করোনাভাইরাসের ছোবলে বিপর্যন্ত বিশ্বের জনজীবন। স্পেনে একটু উন্নতির আভাস মেলায় লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। তবে এখনও দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লা লিগার মাঠে ফেরা নিয়ে নিশ্চিত নন সের্হিও বুসকেতস। তাই এই লিগের ২০১৯-২০ আসর শেষ হওয়া নিয়ে শঙ্কা কাটছে না বার্সেলোনার তারকা মিডফিল্ডারের। কোভিড-১৯ রোগে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজার, ইউরোপের দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। মৃত্যু সংখ্যা প্রায় ১৯ হাজার। ফুটবলসহ সব সব ধরনের খেলা দেশটিতে বন্ধ রয়েছে এক মাসের বেশি সময় ধরে। এর মাঝেই চলতি সপ্তাহ থেকে টুকটাক কাজে ফিরতে শুরু করেছে স্পেনের লোকজন। আগামী জুনের শুরুর দিকে মৌসুম পুনরায় শুরুর আভাস দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তবে স্পেনের দুটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন মত পোষণ করেন বুসকেতস। “আমি মনে করি, মৌসুম পুনরায় শুরু করা কঠিন হবে। আমার মনে হয় না এটা শেষ করা যাবে।” “প্রথমে আমি দেখতে চেয়েছিলাম এটা কতটা ছড়ায়। এখন মনে হচ্ছে আমরা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি। ভালো খবরের অপেক্ষায় আছি।” ছড়িয়ে ছিটিয়ে আছেন খেলোয়াড়-কোচ-স্টাফরা। সবাইকে এক জায়গা করে খেলা শুরুর করার মধ্যে বড় চ্যালেঞ্জ দেখছেন বুসকেতস। ২৭ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। শেষ পর্যন্ত আসর শেষ করা না গেলে এগিয়ে থাকায় কাতালান ক্লাবটির হাতে শিরোপা তুলে দেওয়া হতে পারে বলে গণমাধ্যমের খবর।