রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গেল ২৪ ঘন্টায় ৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সাথে সরকারি বিধিনিষেধ অমান্য কারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত রয়েছে।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, গেল ২৪ ঘন্টায় রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার গঙ্গাচড়া, তারাগঞ্জ, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৬ শ”টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১টি, গঙ্গাচড়ায় ৩, তারাগঞ্জে ২, মিঠাপুকুর ও কাউনিয়াতে ১২টি করে মামলা রয়েছে। বেশির মামলায় হোটেল রেস্তোরা খোলা রেখে জনসমাগম সৃষ্টি সুযোগ করে দেয়ার অভিযোগে হয়েছে।
অপরদিকে গতকাল বুধবার রংপুর নগরীর মেডিকেল মোড়ে ক্যান্ট পাবলিক স্কুলের বিপরীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদনী হোটেল এন্ড রেস্তোরা খোলা রাখায় হোটেল মালিক সামসুল হককে ৫ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। ওই ব্যবসায়ীকে এক মাসের জেলও দেয়া হয়েছে।