বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন। সরোয়ার পহলান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে। নিহত সাইফুল ইসলাম সবুজ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামের ফারুক পহলানের ছেলে।সবুজ ঢাকার একটি বেসরকারি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ওই এলাকার বর্তমান ইউপি সদস্য রাজা ও সাবেক ইউপি সদস্য স্বপন খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢলুয়া ইউনিয়নের পশ্চিম রায়ভোগ এলাকায় করোনা ভাইরাস উপেক্ষা করে এক স্থানে জটল করে গল্প করতে থাকে। এ সময় সাবেক ইউপি সদস্য স্বপন খানের সমর্থক চারজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। সেই জের ধরে বিকেলে ৫টার দিকে স্বপন খানের প্রায় ১০-১৫ জন সমর্থক সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রায়ভোগ বাজারে এসে বর্তমান ইউপি সদস্য রাজার সমর্থকদের মারধর করতে শুরু করে। এক পর্যায়ে রাজা মেম্বরের সমর্থকরাও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় গুরুতর জখম অবস্থায় সবুজকে হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার সে মারা যায়। সবুজের শরীরে ধারালো অস্ত্রে আঘাতের জখম রয়েছে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ফারুক পহলান বাদি হয়ে বুধবার রাতেই ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনার সঙ্গে জড়িত রাজা মেম্বরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।