সারাদেশে নৌ-যান ও স্থলযান চলাচল বন্ধ থাকায় অবৈধ পথে ঢাকা থেকে হিজলা-মুলাদী- মেহেন্দিগঞ্জ রুটে যাত্রী পরিবহন করায় ট্রলার চালকসহ ২জনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস ভ্রাম্যমান আদালতে ট্রলার চালক আব্দুল করিম মাঝি ও ইঞ্জিন চালক সাব্বির হোসেনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জানাগেছে আব্দুল করিম মাঝি ও তার সহযোগী অতিরিক্ত ভাড়া নিয়ে মহিলাসহ ৩৮জন যাত্রীকে ঢাকা থেকে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মুরাদ হোসেন বুধবার বেলা ১টার দিকে সফিপুর লঞ্চঘাট এলাকায় ট্রলারটিকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে জরিমানা করা হয়। অপরদিকে আটককৃত যাত্রীদের মধ্যে ১৬জন মহিলা যাত্রীকে ছেড়ে দেওয়া হলেও ২২জন পুরুষ যাত্রীকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।