বগুড়ার আদমদীঘির পশ্চিম ঢাকা রোড আশা পেট্রোল পাম্পের সামনে ট্রাক বোঝাই সরকারি ত্রাণের চাল থেকে ১৪বস্তা চাল চুরি করে প্রাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ ট্রাক চালক ও হেলপার কে গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার আদমদীঘি থানায় ৪ জন কে আসামি করে মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর সিএসডি থেকে ৪০ টন সরকারি চাল ত্রাণের উদ্দেশে ২টি ট্রাক বোঝাই করে বাঘাবাড়ি সিএসডিতে যাওয়ার সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিম ঢাকা রোড নামক আশা পেট্রোল পাম্পের সামনে ট্রাক চালক ও হেলপারের যোগসাজসে ট্রাক থেকে ১৪ বস্তা চাল চুরি করে বিক্রির উদ্দেশে প্রাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে জয়পরহাট জেলার আক্কেলপুর থানার জাফরপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে ট্রাক চালক রায়হান (২২) ও বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার নিউ কলোনীর আবদুল জলিলের ছেলে ট্রাক হেলপার আল-আমিন (২০) কে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় অপর ট্রাক চালক আদমদীঘির কদমা গ্রামের তুহিন হোসেন (২৭) ও হেলপার সান্তাহার আমবাগান এলাকার পাখি (২০) পালিয়ে যায়। এ ব্যাপারে আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন জানান, থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত সহ ও অপর দুইজন কে গ্রেফতারের তৎপরতা চলছে।