বগুড়ার আদমদীঘির প্রত্যন্ত পল্লীতে স্ত্রী সন্তান থাকার পরও প্রতিবেশি এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় পারিবারিক বৈঠকে রাজ কুমার বর্মন নামের এক যুবক কে মারপিট করে নির্যাতন করায় ওই যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী বড়িয়াবার্তা গ্রামের মৃত পদেন বর্মনের ছেলে রাজ কুমার বর্মন (২৩) স্ত্রী ও সন্তান সত্বেও একই গ্রামের জনৈক এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি তার পরিবারের লোকজন জানার পর গত সোমবার রাতে পারিবারিক বৈঠকে রাজ কুমার বর্মনকে বেদম মারপিট করা হয়। নির্যাতনের ক্ষোভে মঙ্গলবার সন্ধ্যায় সকলের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে বগুড়া শজিমেকে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদমদীঘি থানায় কোন মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন জানান, বিষয়টি আমি মৌখিক ভাবে অবগত আছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।