সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অভিযোগে জেলার গৌরনদীতে প্রদীপ দত্ত (৪৫) নামের এক ডিলারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালবাহী ভ্যান চালক শঙ্কর পালকেও আটক করা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়েছে। প্রদীপ দত্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের পুত্র।
উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জন সুবিধাভোগীর জন্য বাকাই বাজারের প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারে ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।
গৌরনদী থানার এসআই কেএম আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকাই বাজারে অভিযান চালায়। এ সময় পঙ্কজ সাহার মুদি দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৪০ বস্তা ও ৪০ কেজি ওজনের ১৪ বস্তাসহ সর্বমোট ৫৪ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালের ডিলার প্রদীপ দত্ত, ভ্যান চালক শঙ্কর পালকেও আটক করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আটককৃত ডিলার প্রদীপ দত্তকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী বলেন, বিষয়টি আমরা শুনেছি। চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কারের প্রস্তুতি চলছে।