বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করায় ১২ এপ্রিল উপজেলার কলেজ রোড়, ব্রাক বটতলা, দুবলাগাড়ী, রণবীরবালা, কাফুড়া, শুভগাছা বাজার, বাগড়া বাজারে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিকাল ৫ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। উক্ত অভিযানে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও গণজমায়েত সৃষ্টি করায় ৮ জনকে বিভিন্ন আইনে ৪৭০০ টাকা জরিমানা করেন। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেন।
অপরদিকে ১২ এপ্রিল বিকাল ৫ টা থেকে ৮.৩০ পর্যন্ত উপজেলার কলেজ রোড়, ঝাজর বাজার, খামারকান্দি বাজার, কেল্লাপোষি বাজার, বাগড়া বাজার ও বনমরিচায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা।তিনি শালফার ভিটারচড়া এলাকায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেন এছাড়া তিনি সীমাবাড়ী এলাকায় সরকারি আদেশ অমান্য করে মাইক্রোবাসে যাত্রী পরিবহন করায় ১৮ জনকে ৩৯১০০ টাকা জরিমানা করেন ও ১৩ এপ্রিল সকালে সামাজিক দুরত্ব নিশ্চিত না করায় ও অকারণে বাড়ি থেকে বের হওয়ায় ৫ টি মামলায় মোট ২৩শত টাকা জরিমানা আদায় করেন।
অভিযানগুলোতে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।