গাইবান্ধার সাঘাটায় সুকৌশলে লেয়ার মুরগির খাবার বহন করা বস্তায় করে কালো বাজারে বিক্রির সময় ১০ টাকা কেজি মুল্যের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৫০০ কেজি চালসহ স্থানীয় ডিলার মজদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজদার রহমান পদুমশহর ইউনিয়নের আজগর আলীর ছেলে। খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী সে।
এলাকাবাসি জানান, ওই ডিলার উপজেলার পদুমশহরে নিজের গুদাম ঘর থেকে সুকৌশলে মানুষের চোখ ফাঁকি দিয়ে সরকারি সিলযুক্ত বস্তা বদল করে লেয়ার মুগির খাবার বহন করা বস্তায় করে চাল ভর্তি ১০টি ভ্যান উপজেলার বোনারপাড়ার দিকে নিয়ে যেতে থাকে। নয়াবন্দর রেলগেট পাড় হওয়ার সময় সন্দেহ হলে একটি ভ্যান আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় এলাকাবাসি। বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইসচার্জ ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে এসে আটককৃত চাল সহ খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজির এসব চাল সহ ডিলার মজদার রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।
এলাকার লোকজন জানান, মজদার রহমান উপকার ভোগিদের নামের ১০ টাকা কেজির চাল কম দামে কিনে বেশী দামে বিক্রির সাথেও ইতোপুর্ব থেকে জড়িত। মাঝে মধ্যেই এই গুদাম থেকে অনেক ভোরে লেয়ার মরুগির খাবার বহন করা বস্তায় করে সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আসছে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, তাকে চাল সহ গ্রেফতার করে ফাঁড়িতে আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে। তার ডিলারশীপ বাতিলসহ এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।