বগুড়ায় “বাংলাদেশ সেনাবাহিনী” নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সিয়াম হোসাইন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা সাইবার পুলিশ।
গ্রেফতারকৃত সিয়াম হোসাইন (২০) গাবতলী থানাধীন জাগুলি গ্রামের মোস্তমোফিজার রহমানের ছেলে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার সাইবার ইউনিট তাদের নিয়মিত মনিটরিংকালীন সময়ে “বাংলাদেশ সেনাবহিনী” নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পেলে তারা প্রাথমিক অনুসন্ধান শেষে বগুড়া জেলা পুলিশকে জানায়।
সাইবার পুলিশ সেন্টারের প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) এর নির্দেশে সাইবার পুলিশ বগুড়ার ইন্সপেক্টর মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল গত ১২ এপ্রিল দুপুরে জেলার গাবতলী থানাধীন জাগুলি গোলাপাড়া গ্রামে আসামি সিয়ামের বাড়ীতে অভিযান চালিয়ে অভিযুক্ত সিয়াম কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত সিয়াম বিভিন্ন সময় তার নিজস্ব ডিভাইস এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে প্রতারণা ও ছলনার আশ্রয় নিয়ে সামরিক বাহিনীর নামে পোস্ট দিয়ে আসছিল। এ সময় একটি ভিবো স্মার্ট মোবাইল ফোন ও ৫ টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।