রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, পুঠিয়া উপজেলার জিউপাড়া গ্রামে। বিষয়টি ওই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেয়ার মুহুর্তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বাড়ির আশপাশে কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছেন প্রশাসন।
করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার জিউপাড়া-বগুড়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ইউসুফ আলী (৫০)। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যাক্তি গত ৪ এপ্রিল ঢাকা থেকে বাড়ি এসে আত্মগোপন করেছিল। এরপর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তিনি গত ৯ এপ্রিল পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। তারপর থেকে সে হোম কোয়ারেন্টিনে ছিল। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে আজ বিকেলে তার করোনা সনাক্ত নিশ্চিত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওলিউজ্জামান বলেন, আক্রান্ত রোগি বর্তমানে বাড়িতে আছেন। কিছুক্ষণের মধ্যে তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে।