গাইবান্ধার সাঘাটায় গ্রাম্য শালিসী বৈঠকে মধ্যস্থকারী হিসাবে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ মোল্লাকে (৬০) পিটিয়ে হত্যা করেছে একপক্ষ। গতকাল রোববার সকাল ১১ টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করেছে থানা পুলিশ।
্এলাকাবাসী জানান, স্থানীয় শালিশ ও আপস মিমাংসায় অত্যান্ত ন্যায় নিষ্ঠার সাথে ভুমিকা রাখার ক্ষেত্রে হামিদ মোল্ল¬ার সুনাম ছিল। তার কারনেই এলাকায় হানাহানি ও ঝগড়া-বিবাদ কম হতো। এমন সুনামের জন্যই লোকজন তাকে ভালোবাসেন। সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
পুলিশ জানায়, সাঘাটা বাজারের ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন পুত্রের মধ্যে পারিবারিক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সকালে মেজো ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নিস্পত্তিতে শালিসী বৈঠকে বিচারক বা মধ্যস্থকারী হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ মোল্লা উপস্থিত হন। কোন কিছু বুঝে না উঠতেই শ্যামল ও নিলমণি সাহা হঠাৎ ক্ষিপ্ত হয়ে হামিদকে পিটিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।