বগুড়ার আদমদীঘিতে পুকুরের পাড় বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রবিউল ইসলাম মিঠু (৪৮) নামের এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৬ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু রোববার সকাল সাড়ে ৬ টায় বাড়ির পার্শ্বে তার নিজস্ব পুকুর পাড় মাটি দিয়ে বাঁধার সময় প্রতিবেশী নূর ইসলাম ফুন্নী ও তার ভাতিজা জামিল হোসেন সহ পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের বিরোধের একপর্যায়ে নূর ইসলাম ফুন্নী ও তার ভাতিজা জামিল সহ পরিবারের অন্যান্যরা ব্যবসায়ী রবিউল ইসলাম কে এলোপাথারী ভাবে পিটিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টায় নিহতের লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত জামিলের স্ত্রী ফাহিমা বেগম কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন হত্যা ঘটনা ও ফাহিমা বেগমের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।