করোনাভাইরাসের কারণে অপ্রয়োজনে বাইরে বেরুনো মানা। নেই প্রথাগত অনুশীলনের সুযোগ, কোচের সঙ্গে মুখোমুখি আলোচনারও ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে ঘরবন্দি তরুণ ক্রিকেটারদের সহায়তায় এগিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন। নিজ নিজ একাডেমির মাধ্যমে অনলাইন ক্রিকেট কোচিং দেওয়ার উদ্যোগ নিয়েছেন ভারতের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। গত এক সপ্তাহ ধরে এভাবে কোচিং করাচ্ছেন ধোনি ও অশ্বিন। ‘টাইমস অব ইন্ডিয়া’-এর প্রতিবেদন অনুযায়ী ভারতের সাবেক অধিনায়ক সরাসরি পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নন। তবে এমএস ধোনি ক্রিকেট একাডেমি প্রশিক্ষণার্থীদের জন্য ফেইসবুকে লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে। অশ্বিনের একাডেমি করছে অনেক কিছুই। এর মধ্যে অফ স্পিনার নিজেই অনলাইন সেশন নিচ্ছেন।ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও ধোনি একাডেমির প্রধান কোচ সত্রজিৎ লাহিরি জানিয়েছেন, সবাই আগ্রহের সঙ্গে ভিডিওগুলো দেখছে ও প্রতিটি ভিডিও ১০ হাজারের মত দেখা হচ্ছে। ‘ক্রিকেটর’ নামের একটি অ্যাপ ব্যবহার করে থাকেন তারা এবং সেখানে প্রতিদিন অনুশীলনের ভিডিও আপলোড করা হয় বলে জানিয়েছেন লাহিরি। “প্রশিক্ষণার্থীদেরও তাদের ভিডিও সেখানে আপলোড করতে হয়, যাতে আমরা তাদের কাজ দেখতে পারি। সেই অনুযায়ী আমরা মতামত দিয়ে থাকি।”