পাবনার চাটমোহরে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসছে। ফলে গোটা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে করোনা আক্রমণের সংখ্যা ঢাকা ও নারায়নগঞ্জে বেশী। প্রতিদিন চাটমোহর উপজেলার ডিবিগ্রাম,বিলচলন,মুলগ্রাম,হান্ডিয়াল,নিমাইচড়া,মথুরাপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ঢাকা,নারায়নগঞ্জ,চাঁদপুর,মাদারীপুর থেকে লোকজন আসছেন। গণপরিবহণ বন্ধ থাকলেও মূলতঃ ট্রাকসহ বিভিন্ন মালবাহী যানবাহন এখন গণপরিবহণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রাকের উপর ট্রিপল দিয়ে অর্ধশতাধিক শ্রমিক এসেছেন চাটমোহরে। অথচ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে উদাসীন। প্রশাসনকে এলাকাবাসী জানালেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান,দেশের বিভিন্ন এলাকা থেকে যারা বাড়ি এসেছেন,তারা কোন নির্দেশনাই মানছেন না। অবাধে চলাফেরা করছেন। হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান,তার ইউনিয়নের নবীন ও চরনবীন গ্রামে ২২ জন শ্রমিক এসেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাউনে রাখার নির্দেশনা দেওয়ার পরও তারা তা মানতে অনীহা দেখাচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান,সবাইকে সরকারি নির্দেশনা মানতেই হবে। কোয়ারেন্টাইন মানতেই হবে। না হলে আইন প্রয়োগ করা হবে। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন,শুক্রবার থেকে নির্দেশনা জারি করা হয়েছে.সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে ঘরে ফিরতে হবে। কেউ বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।