করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করার জন্য, তহবিল সংগ্রহ করার জন্য এক প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। সে প্রস্তাব নিয়েই এখন কাটাছেঁড়া হচ্ছে ভারতে করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে তহবিল সংগ্রহে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের কথা বলেছিলেন শোয়েব আখতার। পাকিস্তানি কিংবদন্তির এ প্রস্তাবকে 'হাস্যকর' বললেন আইপিএলের সাবেক সভাপতি রাজীব শুক্লা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে কাল এ কথা বলেন তিনি। শোয়েব বলেছিলেন, করোনার প্রকোপ কমলে তিন ম্যাচ সিরিজ আয়োজন করা হোক। সেটি শুধু টেলিভিশনের জন্য। করোনা থেকে বাঁচতে মানুষ ঘরে বসে থাকায় টিভিতে দর্শকের অভাব হবে না বলে মনে করেন ৪৪ বছর বয়সী পেস কিংবদন্তি। এ সিরিজ থেকে যে টাকা আসবে তা ভারত-পাকিস্তানের মধ্যে সমান ভাগ করে করোনা মোকাবিলায় কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার রেকর্ড শোয়েবের। তাঁকে সহজ-সরল হৃদয়ের হাসিখুশি ও আবেগী মানুষ বলেই মনে করেন রাজীব শুক্লা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'সবাই জানে শোয়েব খুব আবেগী ও হাসিখুশি মনের মানুষ। বহুদিন ধরেই সে এ ধরনের বুদ্ধি দিয়ে আসছে। এই মুহূর্তে তহবিল সংগ্রহের জন্য সে যদি ভারত-পাকিস্তান সিরিজের কথা বলে থাকে সেটি হাস্যরসাত্মক। আমরা আইপিএলই আয়োজন করতে পারছি না, এই ম্যাচ কারা দেখবে, খেলোয়াড়দেরই বা খেলতে দেবে কে?' করোনা মোকাবিলায় ভারত বিপজ্জনক পরিস্থিতিতে আছে বলে মনে করেন শুক্লা। পাকিস্তানের অবস্থা তাদের প্রতিবেশী দেশের চেয়েও খারাপ বলে মনে করেন তিনি, 'ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না।এই ম্যাচ আয়োজন করবে কে? দেশের বর্তমান পরিস্থিতি ভালো না। তার দেশের পরিস্থিতি তো আরও বাজে। এমন সময় দ্বিপক্ষীয় সিরিজের প্রস্তাবটা তাই হাস্যকর মনে হয়।' ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত-পাকিস্তান। সর্বশেষ টেস্ট খেলেছে ২০০৭ সালে।