করোনার ঝড়ে তোলপাড় সারাবিশ্ব। সেই ঝড়ের আতঙ্ক এখন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জুড়ে। একারণে পৌর শহরের প্রবেশদারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তালিকা করা হচ্ছে ঢাকা ফেরতদের। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় প্রথমেই আতঙ্ক ছিল বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে। এখন আতঙ্ক বাড়ছে ঢাকা ফেরতদের নিয়ে। তারা বাড়িতে এসেই ঘুরছে হাটবাজারসহ সর্বস্থানে। সরকারি নির্দেশ অনুযায়ী ঢাকা ফেরতদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তারা কেউই মানছে না হোম কোয়ারেন্টিন। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে গ্রামবাসী। ঢাকা ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে।
এরআগে ভারত, সৌদি আরব, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে ৬৫ জন প্রবাসীরা নন্দীগ্রাম উপজেলায় নিজ নিজ বাড়িতে এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। ইতিমধ্যে তাদের কোয়ারেন্টিনে ১৪ দিন পূর্ণ হওয়ায় সকলকেই ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের নিয়ে কিছুটা শঙ্কা কেটে গেলেও নতুন করে দুশ্চিতা বাড়াচ্ছে ঢাকা ফেরতরা।
এদিকে পৌর শহরের প্রবেশ মুখে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। শহরে অভ্যন্তরে বিনা প্রয়োজনে যানবাহন যাতে চলাফেরা করতে না পারে ও ঘোরাফেরার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। অতিপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে এবং কোন যানবাহন কিংবা শহর থেকে বের হতে দেওয়া হবে না। পাশাপাশি মহামারী করোনাভাইরাস বিস্তার রোধ ও নিজেদের রক্ষার্থে পৌরসভা ও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে স্বেচ্ছায় লকডাউন। স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে এ লকডাউন করছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, উপজেলাকে করোনা মুক্ত রাখতে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ফেরতদের তালিকা করা হচ্ছে।