বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে পানি নিস্কাশন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
শুক্রবার দুপুরে থালতা মাজগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দাড়িয়াপুর গ্রামে কাঠ ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাড়িতে টিউবওয়েল বসায়। এই টিউবওয়েলের পানি নিস্কাশন (ড্রেন) কৃষক আবদুল হালিমের বাড়ির পিছন দিয়ে দেয়। তখন কৃষক হালিম পানি নিস্কাশনে বাধা প্রদান করে। এ নিয়ে দুই পক্ষের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আশরাফ আলী জানান, টিউবওয়েলের পানি নিস্কাশন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান বলেন, পানি নিস্কাশন নিয়ে মারামারি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগে থেকে তাদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ ছিল মনে হচ্ছে।